বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়

সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন।

বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুহিদুজ্জামান এবং হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থেকে লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসএসসিতে জিপিএ-৫ অর্জনের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের প্রায় ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

এমন আয়োজনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়াবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা, তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, “আজকের এই ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের সুনাগরিক, সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে একসঙ্গে কাজ করে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন শুধু আজকের এই আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—আমাদের সন্তানদের সবসময় সৎ পথে চলতে, সত্য কথা বলতে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষা দেব। তাদের হাত ধরেই আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানের শেষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *