রবিবার, ২৬ জুলাই, ২০২৬
বাংলাদেশ

সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জ শহরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার

শনিবার (২৫ জুলাই ২০২৬) সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন গেট পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সাত্তার ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল থেকে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও টেকসই সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি জানান, দেশের পরিবেশ সংরক্ষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দিকনির্দেশনায় শহরকে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাত্তার ফাউন্ডেশন ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতায়। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এ সময় তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, “গাছ মানুষের পরম বন্ধু। অপ্রয়োজনে কোনো গাছ কাটা উচিত নয়। একটি গাছ কাটলে অন্তত পাঁচটি নতুন গাছ লাগানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, মানুষের মৃত্যুর পর সম্পদ সঙ্গে যায় না; তবে মানুষের কল্যাণে করা কাজ ও সদকায়ে জারিয়ার সওয়াব অব্যাহত থাকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *