বুধবার, ৮ জুলাই, ২০২৬
জাতীয়বাংলাদেশ

মানবকল্যাণে উদারতা: যাকাত ফান্ডে ১০ লাখ টাকা দিলেন হাজী মো. আব্দুস সাত্তার

যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।

অনুদানের ১০ লাখ টাকার চেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান এবং ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ।

চেক হস্তান্তর শেষে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাত ফান্ডে দেওয়া এই অর্থ যেন প্রকৃত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। যাকাতের অর্থের মাধ্যমে তাদের আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব হবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের সকল সামর্থ্যবান মানুষ যদি সরকারি যাকাত ফান্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি যাকাত ফান্ডে অনুদান প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে আরও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *